যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থা অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সে (ওডিএনআই) বড় ধরনের গণছাঁটাই শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সোমবার থেকে এই ছাঁটাই প্রক্রিয়া কার্যকর করা হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটির শত শত কর্মকর্তাকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হচ্ছে। ট্রাম্পের আস্থাভাজন হিসেবে পরিচিত ভারপ্রাপ্ত পরিচালক বিল পুল্টের নেতৃত্বে এই কর্মীসংকোচন কার্যক্রম পরিচালিত হচ্ছে। গোয়েন্দা খাতে তার পূর্ব অভিজ্ঞতা না থাকা নিয়ে এর আগেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছিল।
একটি সূত্র সিএনএনকে জানায়, ছাঁটাই কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই সংস্থার ভেতরে “ডিপ স্টেট” সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
তবে কতজন কর্মী চাকরি হারাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, বিল পুল্টে দায়িত্ব গ্রহণের আগের দিনই নির্ধারিত সময়ের আগেই দফতরে উপস্থিত হন এবং কর্মীদের পূর্ণ তালিকা চেয়ে বসেন। এতে তৎকালীন পরিচালক তুলসী গ্যাবার্ডসহ কর্মকর্তারা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন।
এই ছাঁটাইয়ে ওডিএনআইয়ের গুরুত্বপূর্ণ দুটি বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার এবং ন্যাশনাল কাউন্টারইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টার।
ডেমোক্র্যাটদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা কাঠামো পুনর্গঠন এবং কার্যকারিতা বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হোয়াইট হাউস এ বিষয়ে ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যের দিকে ইঙ্গিত করে জানায়, তিনি গোয়েন্দা সংস্থায় প্রয়োজনীয় কর্মী পুনর্বিন্যাস ও সংকোচনের নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন