https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড শেষ হওয়ার আগেই বিদায় নিশ্চিত হয়েছে পাঁচটি দলের। ফিফার নতুন টাইব্রেকার নিয়মের কারণে হাইতি, তুরস্ক, তিউনিসিয়া, জর্ডান ও পানামা আর শেষ ষোলোতে ওঠার সুযোগ পাচ্ছে না।
এবার প্রথমবারের মতো গ্রুপে পয়েন্ট সমান হলে গোল ব্যবধানের আগে মুখোমুখি লড়াইয়ের (হেড-টু-হেড) ফলাফলকে অগ্রাধিকার দিচ্ছে ফিফা। এরপর বিবেচনায় আসছে গোল ব্যবধান, গোলসংখ্যা, ফেয়ার প্লে রেকর্ড ও ফিফা র্যাঙ্কিং। ফলে দুই ম্যাচ শেষে কিছু দলের বিদায় নিশ্চিত হয়ে গেছে।
গ্রুপ ‘এল’-এ ঘানার কাছে ১-০ গোলে হেরে সর্বশেষ দল হিসেবে বিদায় নিয়েছে পানামা। টানা দুই হারে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে।
তুরস্কও হতাশাজনক পারফরম্যান্সে বিদায় নিয়েছে। অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারার পর প্যারাগুয়ের বিপক্ষেও গোল করতে ব্যর্থ হয় তারা। দুই ম্যাচে ৬২টি শট নিয়েও গোলের দেখা না পাওয়া দলটি গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে।
ব্রাজিলের কাছে ৩-০ ও স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। দুই ম্যাচে কোনো গোল করতে পারেনি ক্যারিবীয় দেশটি।
অন্যদিকে সুইডেন ও জাপানের বিপক্ষে টানা বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তিউনিসিয়া। কোচ পরিবর্তন করেও ভাগ্য বদলাতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা।
নবাগত জর্ডানও লড়াই করেও টিকে থাকতে পারেনি। অস্ট্রিয়া ও আলজেরিয়ার বিপক্ষে পরাজয়ের ফলে তাদেরও বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে।