https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের ইতিবাচক ফলাফল দৃশ্যমান হবে এবং জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর পাওয়া যেতে পারে।
বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী মাসে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং চলমান বিষয়গুলোতে দৃশ্যমান অগ্রগতি হবে।
ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বয়োজ্যেষ্ঠ, অসুস্থ ও বিশেষ সহায়তাপ্রার্থী যাত্রীদের জন্য উন্নত সেবা, প্রাথমিক চিকিৎসা এবং লাগেজ ব্যবস্থাপনা জোরদারে কাজ চলছে। পাশাপাশি হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
তিনি আরও জানান, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার, রাতের ফ্লাইটের যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।