ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পের তিন দিন পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৩০ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৫১ হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন, যা দেশটির মানবিক সংকটকে আরও গভীর করেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল। ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে এলাকাটিকে দুর্যোগকবলিত ঘোষণা করেছে সরকার।
উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে শুক্রবার রাত থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশে বিধিনিষেধ জারি করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, সরকারি উদ্ধার তৎপরতা প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে স্বজনদের খুঁজে পেতে অনেকেই খালি হাতে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন। উদ্ধারকারীরা সতর্ক করেছেন, জীবিত মানুষ উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টা প্রায় শেষ হয়ে আসছে।
ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিটি জীবিত মানুষকে উদ্ধার করাই অলৌকিক ঘটনার মতো। অন্যদিকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, সরকার উদ্ধারকাজে সর্বোচ্চ সক্ষমতা নিয়োগ করেছে এবং আন্তর্জাতিক সহায়তাকে স্বাগত জানিয়েছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, এই ভূমিকম্পে সরাসরি আর্থিক ক্ষতির পরিমাণ ৪.৭ থেকে ৮.৭ বিলিয়ন ডলার হতে পারে। এদিকে শনিবার আরাগুয়া রাজ্যে ৪.৮ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হলেও এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩ হাজার ৩০০ জন আহত হয়েছেন এবং ২৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আশঙ্কা করছে, এই দুর্যোগে প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। সংস্থাটি দ্রুত আন্তর্জাতিক মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন