https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইনজুরি সময়ের নাটকীয় এক গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে সহআয়োজক কানাডা। অন্যদিকে, প্রথমবার নকআউট পর্বে উঠে শেষ মুহূর্তে বিদায় নিতে হলো দক্ষিণ আফ্রিকাকে।
লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে কানাডাকে জয়ের আনন্দে ভাসান অধিনায়ক স্টিফেন ইউস্তাকিও। দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের ক্লিয়ার করা বল বুকে নিয়ন্ত্রণে এনে হাফ-ভলিতে নেওয়া তার নিচু শট জড়িয়ে যায় জালে। গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস সর্বোচ্চ চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি।
পুরো ম্যাচেই আক্রমণে তুলনামূলক এগিয়ে ছিল কানাডা। প্রথমার্ধে ডেরেক কর্নেলিয়াস, মইসে বম্বিতো ও তাজন বুকানান একাধিক সুযোগ তৈরি করলেও দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক ও রক্ষণভাগ সেগুলো সফলভাবে প্রতিহত করে। বিরতির আগে লারিয়াকে ফাউলের ঘটনায় কানাডা পেনাল্টির দাবি তুললেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর সেই দাবি নাকচ করা হয়।
দ্বিতীয়ার্ধেও কানাডা আক্রমণের ধার বজায় রাখে। তাইয়োন ওলুওয়াসেয়ির শট দারুণ দক্ষতায় রুখে দেন উইলিয়ামস। ফিরতি বলে জনাথন ডেভিড গোলের চেষ্টা করলেও দক্ষিণ আফ্রিকার এক ডিফেন্ডার শেষ মুহূর্তে বল ক্লিয়ার করে বিপদমুক্ত করেন।
ম্যাচের মাঝপথে টুর্নামেন্টে প্রথমবার মাঠে নামেন কানাডার তারকা আলফোনসো ডেভিস। তার উপস্থিতিতে আক্রমণে গতি এলেও দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ দীর্ঘ সময় পর্যন্ত দৃঢ় অবস্থান ধরে রাখে। তবে শেষ পর্যন্ত ইউস্তাকিওর দুর্দান্ত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করে কানাডা।
এই জয়ের ফলে আগামী ৪ জুলাই হিউস্টনে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার বিজয়ী দলের মুখোমুখি হবে কানাডা।