https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো- খিদিরপুর এলাকার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তার ফুপাতো বোন তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং তাদের খালা, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুফাচ্ছের ওরফে শুক্কুর আলীর মেয়ে সুমাইয়া আক্তার (১৩)।
পুলিশ ও স্বজনরা জানান, বিকেলে তিন শিশু বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় ধরে তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।
তাদের দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও এর আগেই তিনজনের মৃত্যু হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, নিহতদের মধ্যে দুজন স্থানীয় একটি কওমি মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
একই পরিবারের তিন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।