ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

টানা বৃষ্টিতে কক্সবাজারে ফের পাহাড়ধস, প্রাণ গেল গৃহবধূর

জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   ৩১ বার পঠিত
টানা বৃষ্টিতে কক্সবাজারে ফের পাহাড়ধস, প্রাণ গেল গৃহবধূর

ছবি: -সংগৃহীত

টানা ভারী বর্ষণে কক্সবাজারে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে অন্য কোনো হতাহতের সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া হাজীঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমা আক্তারের (২৫) বাড়ি ওই এলাকার ১ নম্বর ওয়ার্ডে। তার স্বামী জসিম উদ্দিনের সঙ্গে দুই সন্তান নিয়ে বসবাস করতেন তিনি। জীবিকার তাগিদে দুজনই কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ফিশ ফ্রাই বিক্রি করতেন।

স্থানীয়দের ভাষ্য, টানা বৃষ্টির মধ্যে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে তাদের বসতঘরের ওপর পড়ে। এতে স্বামী-স্ত্রী দুজনই মাটিচাপা পড়েন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন। আহত জসিম হাসপাতালে চিকিৎসাধীন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী ঘটনাটি নিশ্চিত করেছেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930