ত্রয়োদশ জাতীয় সংসদে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের লক্ষ্যে ১২ সদস্যবিশিষ্ট ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়েছে। মূল পরিকল্পনা ছিল ১৭ সদস্যের কমিটি গঠন করা। তবে বিরোধী দল সদস্যদের নাম না দেওয়ায় তাদের জন্য নির্ধারিত পাঁচটি পদ আপাতত শূন্য রেখে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম কমিটির সদস্যদের নাম সংসদে উপস্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

প্রস্তাব উত্থাপনকালে চিফ হুইপ জানান, কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুসারে প্রধানমন্ত্রীের নির্দেশে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল, জোট এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সংবিধান সংশোধন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, বিরোধী দলের নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা এখনো তাদের মনোনীত সদস্যদের নাম জমা দেননি। এ কারণে পাঁচটি পদ খালি রেখেই ১২ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব আনা হয়েছে। বিরোধী দলের নাম পাওয়া গেলে পরবর্তীতে তাদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুযায়ী গঠিত এ কমিটি সংবিধানের প্রয়োজনীয় সংশোধন নিয়ে সুপারিশ প্রণয়ন করবে এবং তা সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপন করবে।

কমিটির সভাপতি ও সদস্যরা

কমিটির সভাপতি করা হয়েছে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদকে।

সদস্যরা হলেন— মোহাম্মদ নূরুল ইসলাম (বরগুনা-২), মোহাম্মদ আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), জয়নুল আবেদীন (বরিশাল-৩), মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), আন্দালিব রহমান (ভোলা-১), মোহাম্মদ নুরুল হক (পটুয়াখালী-৩), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (চট্টগ্রাম-৫), ফারজানা শারমিন (নাটোর-১), শাকিলা ফারজানা (সংরক্ষিত মহিলা আসন-১), মোহাম্মদ মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩) এবং মোহাম্মদ অলিউল্লাহ (বরগুনা-১)।

চিফ হুইপ জানান, বিরোধী দলের জন্য সংরক্ষিত পাঁচটি পদে মনোনয়ন পেলেই তাদের অন্তর্ভুক্ত করে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ বিশেষ কমিটি গঠন করা হবে।