অর্থনৈতিক অঞ্চলের (ইজেড) ডমেস্টিক প্রসেসিং এরিয়াজ (ডিপিএ)–এ কার্যরত শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালার আওতায়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পূর্বানুমোদন সাপেক্ষে নির্ধারিত সীমার অতিরিক্ত রয়্যালটি, টেকনিক্যাল নো-হাউ (কারিগরি জ্ঞান) এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স (কারিগরি সহায়তা) বাবদ অর্থ বিদেশে পাঠানো যাবে।
সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে ডিপিএভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানগুলোর বৈদেশিক মুদ্রা রেমিট্যান্স-সংক্রান্ত বিদ্যমান নীতিমালায় সংশোধন আনা হয়েছে।
আগের নিয়ম অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো নির্ধারিত সীমার মধ্যেই রয়্যালটি, টেকনিক্যাল নো-হাউ এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফির বিপরীতে বৈদেশিক মুদ্রা পাঠানোর অনুমতি দিতে পারত। নতুন প্রকল্পের ক্ষেত্রে এ সীমা ছিল আমদানিকৃত মূলধনী যন্ত্রপাতির মূল্যের সর্বোচ্চ ৬ শতাংশ। আর চলমান প্রকল্পের ক্ষেত্রে আগের অর্থবছরের আয়কর রিটার্নে ঘোষিত মোট বিক্রয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত অর্থ পাঠানোর সুযোগ ছিল।
নতুন নির্দেশনার ফলে এখন থেকে এই নির্ধারিত সীমার অতিরিক্ত অর্থও বিদেশে পাঠানো যাবে। তবে এজন্য সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পূর্বানুমোদন নিতে হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, রয়্যালটি, টেকনিক্যাল নো-হাউ ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফির পাশাপাশি এ ধরনের অন্যান্য বৈধ খাতে যেকোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাঠানোর ক্ষেত্রেও বেজার পূর্বানুমোদন বাধ্যতামূলক থাকবে।
ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে ডিপিএভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানগুলোর আন্তঃসীমান্ত আর্থিক লেনদেন আরও সহজ হবে। একই সঙ্গে প্রযুক্তি হস্তান্তর, কারিগরি সহায়তা এবং আন্তর্জাতিক অংশীদারদের অর্থপ্রদানের ক্ষেত্রে বিদ্যমান প্রক্রিয়াগত জটিলতা কমবে।
তাদের ধারণা, নতুন এই নীতিগত শিথিলতা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে নতুন বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পায়নের গতি ত্বরান্বিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্তব্য করুন