https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি জুলাই মাসের মধ্যেই এ দুই দেশের প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসি জানিয়েছে, নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিরা সুইডেনের মাধ্যমে কনস্যুলার সেবা গ্রহণ করেন। তাই এনআইডি কার্যক্রমও সুইডেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পরিচালিত হবে।
চলতি মাসে নরওয়ে ও ফিনল্যান্ডের পাশাপাশি সিঙ্গাপুর, বাহরাইন এবং সুইডেনেও ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম চালু করা হবে। এ কার্যক্রম উদ্বোধন ও তদারকির জন্য তিনজন নির্বাচন মিশনার পৃথকভাবে সংশ্লিষ্ট দেশগুলো সফর করবেন।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সুইডেনে অবস্থান করবেন এবং ৬ আগস্ট দেশে ফিরবেন। অপর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর সফর করবেন। এসব সফরের ব্যয় বহন করা হবে নির্বাচন কমিশনের স্মার্টকার্ড প্রকল্প (আইডিইএ-২) থেকে।
বর্তমানে বিশ্বের ১৪টি দেশের ২৪টি স্টেশনে বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, ইতালির রোম ও মিলান, কুয়েত সিটি, দোহা, কুয়ালালামপুর, ক্যানবেরা, সিডনি, অটোয়া, টরন্টো, টোকিও, নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, মালে, মাসকাট এবং প্রিটোরিয়া।
ইসি সূত্রে জানা গেছে, এসব দেশ থেকে এখন পর্যন্ত এক লাখের বেশি এনআইডির আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৩০ হাজার প্রবাসী ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্র পেয়েছেন।
নির্বাচন কমিশনের প্রক্রিয়া অনুযায়ী, সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়। পরে দেশে তথ্য যাচাই ও এনআইডি মুদ্রণের কাজ শেষে আবার দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের হাতে জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেওয়া হয়।a