https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৫ জুলাই) ভোর প্রায় ৫টার দিকে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে অবস্থিত অনন্ত অ্যাপারেলস লিমিটেড-এর গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে কারখানাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আদমজী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মিরন মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের ৯টি ইউনিট কাজ করছে। তিনি বলেন, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে এবং অল্প সময়ের মধ্যেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছানো গণমাধ্যমকর্মীদের কারখানার ভেতরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কর্তৃপক্ষের বিরুদ্ধে।