https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
অসত্য, বিভ্রান্তিকর ও যাচাইবিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে তথ্য অধিদফতর। সংস্থাটি বলেছে, ভুল বা মিথ্যা তথ্য প্রকাশ করলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৫ জুলাই) প্রকাশিত এক তথ্য বিবরণীতে তথ্য অধিদফতর জানায়, সম্প্রতি সরকারি নিবন্ধনপ্রাপ্ত কয়েকটি গণমাধ্যমে ভুল তথ্য, অপতথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি এবং বিভ্রান্তিকর কনটেন্টসহ অসত্য সংবাদ প্রকাশের ঘটনা লক্ষ্য করা গেছে। এসব সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূলনীতির পরিপন্থী।
তথ্য অধিদফতর জানায়, এমন ঘটনার পর কয়েকটি গণমাধ্যম তাদের প্রকাশিত সংবাদে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে এবং সংশোধনীও প্রকাশ করেছে।
বিবরণীতে বলা হয়, যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, ফ্যাক্ট-চেক এবং পেশাগত দায়িত্বশীলতা নিশ্চিত করা গণমাধ্যমের অপরিহার্য দায়িত্ব। সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্যান্য অনির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশের প্রবণতার কারণে অনেক গণমাধ্যম বিভ্রান্তির শিকার হচ্ছে এবং এর মাধ্যমে অপতথ্য মূলধারার সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়ছে।
তাই সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইকে নিবন্ধিত গণমাধ্যমের জন্য বাধ্যতামূলক হিসেবে উল্লেখ করে তথ্য অধিদফতর সতর্ক করেছে, এ দায়িত্ব পালনে ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া বেনামী, ভুয়া বা অনিবন্ধিত মাধ্যমকে সংবাদের উৎস হিসেবে ব্যবহারের ক্ষেত্রে নিবন্ধিত গণমাধ্যমগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে দেশের সংবাদপত্র, টেলিভিশন, বেতার, অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ এবং আইপি টিভিকে তাদের নিবন্ধন ও ঘোষণাপত্রের শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে তথ্য অধিদফতর।