আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে বাংলাদেশ সরকারের প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা বা দর-কষাকষি শুরু হয়নি।

বৃহস্পতিবার আইএমএফের পাঁচ দিনের বাংলাদেশ সফরের সমাপনী বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে আইএমএফের সঙ্গে বাংলাদেশের কোনো সক্রিয় ঋণ কর্মসূচি নেই। নতুন নির্বাচিত সরকার তার নির্বাচনী অঙ্গীকার এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কোনো কর্মসূচিতে যাবে কি না, তা নিয়ে প্রাথমিক আলোচনা চলছে।

আরিফ হোসেন খান জানান, আইএমএফের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসে বাংলাদেশ ব্যাংকসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে। এ সফরের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্যাংকে।

তিনি বলেন, এটি কোনো পরামর্শমূলক (কনসালটেশন) বা ঋণ নিয়ে দর-কষাকষির (নেগোসিয়েশন) বৈঠক নয়। প্রতিনিধিদল মূলত দেশের অর্থনীতির বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ এবং বাস্তব পরিস্থিতি মূল্যায়নের জন্য বাংলাদেশ সফর করেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, সফরকালে প্রতিনিধিদল ব্যাংকিং খাতের পরিস্থিতি, মুদ্রানীতি, বিনিময় হার, রাজস্ব ব্যবস্থা এবং আর্থিক নীতিসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করেছে। সফর শেষে তারা আইএমএফের সদর দপ্তরে ফিরে এসব তথ্য বিশ্লেষণ করবে। এরপর বাংলাদেশ সরকারের আগ্রহ ও প্রয়োজন বিবেচনা করে নতুন কর্মসূচি নিয়ে এগোনো সম্ভব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ইতিবাচক সিদ্ধান্ত হলে পরবর্তী সময়ে আইএমএফের প্রতিনিধিদল আনুষ্ঠানিক আলোচনা ও ঋণ কর্মসূচি নিয়ে দর-কষাকষির জন্য আবার বাংলাদেশ সফর করবে।

একক ঋণ কর্মসূচির ধারাবাহিকতা নিয়ে এক প্রশ্নের জবাবে আরিফ হোসেন খান বলেন, আইএমএফ-সংক্রান্ত বিষয়গুলো বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংকই পরিচালনা করে। ফলে বাংলাদেশ ব্যাংকের অবস্থানই সরকারের নীতির প্রতিফলন। নতুন কর্মসূচিতে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে উভয় পক্ষের আলোচনার ভিত্তিতেই নেওয়া হবে।

এদিকে মাসে তিনবারের বেশি ব্যাংক থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এ ধরনের একটি আবেদন পেয়েছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর স্বার্থের পাশাপাশি সাধারণ গ্রাহকদের স্বার্থও সমানভাবে বিবেচনা করবে। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, যাতে এক পক্ষ লাভবান হলেও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হন।