কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়ার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতির ওপর নজর রাখছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কুয়েত সরকার ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বাসিন্দাদের সরিয়ে হাসাবিয়া এলাকার খাদিজা বিনতে জাবের স্কুলে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে।
মন্ত্রণালয় জানায়, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তারা ইতোমধ্যে একাধিকবার আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হয়েছে।
এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশি প্রবাসীদের কুয়েত সরকারের নির্দেশনা মেনে চলার এবং প্রয়োজন হলে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্তব্য করুন