জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উৎসে কর (টিডিএস) কর্তন, জমা, মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম জোরদারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। তবে এ কার্যক্রম পরিচালনার সময় উদ্যোক্তাদের যেন অযথা হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭(২) ধারার আওতায় পরিচালিত এ উদ্যোগ রাজস্ব ব্যবস্থাপনা শক্তিশালী করতে সহায়ক হলেও বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য একটি সহায়ক ও ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান এখনও পুরোপুরি কর-অনুবর্তিতা (কমপ্লায়েন্স) নিশ্চিত করতে পারেনি, তাদের প্রয়োজনীয় সময় ও সুযোগ দেওয়া উচিত। একই সঙ্গে সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন এবং করজাল সম্প্রসারণে অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। এর ফলে ব্যবসায়ীদের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করে ডিসিসিআই।
তাসকীন আহমেদের মতে, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ—দুই লক্ষ্যই একসঙ্গে অর্জন করা সম্ভব। এজন্য এনবিআরের সঙ্গে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার পাশাপাশি কর ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা আনতে সরকার ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এর আগে গত ১৯ জুলাই এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, উৎসে কর সঠিকভাবে কর্তন ও সরকারি কোষাগারে জমা নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে কর অঞ্চলগুলোর বিশেষ দল বিভিন্ন ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শন, নথিপত্র যাচাই এবং ডিজিটাল তথ্য পরীক্ষা করছে।
এনবিআর আরও জানায়, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারার আওতায় কর কর্মকর্তারা প্রয়োজনে কোনো প্রতিষ্ঠানের কার্যালয়, ব্যবসাকেন্দ্র বা প্রাঙ্গণে প্রবেশ করে হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদসহ বিভিন্ন আর্থিক নথি পরীক্ষা করতে পারবেন। একই সঙ্গে কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত তথ্যও আইন অনুযায়ী যাচাই করার ক্ষমতা তাদের রয়েছে।

মন্তব্য করুন