https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে তিনি বাড়ির বাইরে যাচ্ছেন না। ফলে আগে থেকে প্রতিশ্রুতি দেওয়া ছাত্রদের চলমান আন্দোলনের একটি প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিতে পারেননি।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শাবানা জানান, একটি ছাত্র সংগঠনের আয়োজিত প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথা ছিল তার। তবে হঠাৎ সোয়াইন ফ্লু ধরা পড়ায় চিকিৎসক তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন, যাতে সংক্রমণ অন্যদের মধ্যে না ছড়ায়।
অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় হতাশা প্রকাশ করে তিনি লেখেন, শারীরিকভাবে থাকতে না পারলেও শিক্ষার্থীদের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন এই অভিনেত্রী।
শাবানার অসুস্থতার খবর প্রকাশের পর অনুরাগী ও শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
সোয়াইন ফ্লু একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এতে সাধারণত জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা, শরীর ও মাথাব্যথা এবং ক্লান্তির মতো উপসর্গ দেখা দেয়। গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্টও হতে পারে। তাই সংক্রমণ রোধে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি মানবাধিকার, নারী অধিকার ও ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে দীর্ঘদিন ধরেই সরব শাবানা আজমি। গত ২০ জুলাইও তিনি ‘চলো সংসদ’ কর্মসূচিতে হাজারো নাগরিকের সঙ্গে অংশ নিয়েছিলেন।