রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৫ বার পঠিত
ছবি: -সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে বিভিন্ন অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিশেষ সাংবিধানিক সুরক্ষা (ইমিউনিটি) ভোগ করেন। তাই ফৌজদারি অপরাধসহ অন্য কোনো বিষয়েও আদালতে তার বিরুদ্ধে মামলা করা যায় না।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী তিনি যেসব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী, সেগুলো তিনি পাবেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের বিধান রয়েছে। স্পিকার সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পুরো প্রক্রিয়াটি আইনসম্মতভাবেই সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিক মতপ্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা রয়েছে। কেউ রাষ্ট্রপতির সমালোচনা বা অভিযোগ তুলতেই পারেন। তবে সরকার এমন কোনো বক্তব্য বা অভিযোগ দেখছে না, যা আমলে নেওয়ার মতো।
এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দল হিসেবে তারা অভিযোগ তুলতে পারে। কিন্তু সরকার সেসব অভিযোগে গ্রহণযোগ্য কোনো ভিত্তি খুঁজে পায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় মো. সাহাবুদ্দিন সংবিধান ও প্রচলিত আইন মেনেই দায়িত্ব পালন করেছেন। স্বৈরাচার সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের সময়েও তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন এবং সরকার তার সহযোগিতা পেয়েছে।
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের ফোনালাপের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তারা গণমাধ্যমে দেখেছেন। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য-প্রমাণ নেই। তিনি বলেন, বর্তমান প্রযুক্তির যুগে কারও সঙ্গে কথা বলতে বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না।
রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময়ের অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী নিষ্পত্তি হবে।