https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রোববার (২৬ জুলাই) প্রকাশিত বন্যা পূর্বাভাস বুলেটিনে বলা হয়, পর্যবেক্ষণাধীন নদীগুলোর মধ্যে বর্তমানে শুধু ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে।
বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমেছে। আগামী তিন দিনও এ ধারা অব্যাহত থাকতে পারে। ফলে সিলেট জেলার কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন পানি আরও কমতে পারে, এরপর দুই দিন তা প্রায় স্থিতিশীল থাকতে পারে। তবে গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরি, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানিও কমেছে। আগামী তিন দিন এসব নদীর পানি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।