https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া এক ইতালিপ্রবাসীর ছয় বছর বয়সী শিশুপুত্রকে তাৎক্ষণিক তৎপরতায় উদ্ধার করে স্বজনদের কাছে নিরাপদে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকায় কান্নারত ও অভিভাবকবিহীন অবস্থায় শিশুটিকে দেখতে পান কর্তব্যরত আনসার সদস্য মো. মিজানুর রহমান। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি দ্রুত শিশুটিকে নিরাপদ হেফাজতে নেন এবং বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনকে অবহিত করেন।
এরপর আনসার সদস্যরা শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে তার স্বজনদের খোঁজ শুরু করেন। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে পরিবারের সদস্যদের সন্ধান করা হয়।
তল্লাশির একপর্যায়ে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকা থেকে শিশুটির মামা মো. সুমন মাতব্বরকে শনাক্ত করা হয়। পরে ডিএসও কার্যালয়ে প্রয়োজনীয় পরিচয় যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষের উপস্থিতিতে শিশুটিকে তার মামার কাছে বুঝিয়ে দেওয়া হয়।
উদ্ধার হওয়া শিশুটির নাম মো. আব্দুল্লাহ মাতব্বর (৬)। তার বাবা ইতালিপ্রবাসী মোহাম্মদ আজিজুল ইসলাম।
শিশুটিকে নিরাপদে ফিরে পেয়ে স্বজনরা আনসার সদস্যদের দায়িত্বশীলতা, দ্রুত পদক্ষেপ এবং মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বিমানবন্দরের মতো ব্যস্ত স্থানে তাদের সতর্কতা একটি সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।