https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সরকারি অর্থায়নের ওপর নির্ভরতা কমিয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের মাধ্যমে বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (২৭ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অন্তর্ভুক্ত চলমান এবং প্রস্তাবিত নতুন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত বলেন, ভবিষ্যতের উন্নয়ন প্রকল্পগুলো বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করতে হবে। একই সঙ্গে সরকারি অর্থায়নের পরিবর্তে যেখানে সম্ভব, পিপিপি মডেলে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থের ওপর নির্ভরতা কমিয়ে বেসরকারি বিনিয়োগকে কাজে লাগাতে হবে। এতে দ্রুত অবকাঠামো উন্নয়ন সম্ভব হবে এবং জনগণও উন্নয়নের সুফল আরও কার্যকরভাবে পাবে।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করতে হবে। প্রকল্পের দীর্ঘমেয়াদি কার্যকারিতা, অর্থনৈতিক সম্ভাবনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ বিবেচনায় নিয়েই পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি প্রকল্প যেন একে অপরের পরিপূরক হয় এবং বাস্তবায়ন এলাকায় স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সুবিধা নিশ্চিত করা হয়। পাশাপাশি চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি।
সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং অনুমোদনের অপেক্ষায় থাকা নতুন প্রকল্প প্রস্তাবগুলো পর্যালোচনা করা হয়।