ফুটবল মাঠের সাফল্যের পর এবার অভিনয় জগতেও অভিষেক হতে যাচ্ছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। ব্রিটিশ ফুটবলকে ঘিরে নির্মিতব্য নতুন টেলিভিশন সিরিজে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যম ডেডলাইন ও গোলডটকম জানিয়েছে, প্রকল্পটিতে রোনালদোর সঙ্গে যুক্ত হয়েছেন ফ্রান্স ও আর্সেনালের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি।

২০২৮ সালের ডিসেম্বরে মুক্তির লক্ষ্যে নির্মিত সিরিজটির শুটিং ইতোমধ্যে যুক্তরাজ্যের বারনেট ফুটবল ক্লাবের মাঠে শুরু হয়েছে।

সিরিজটি পরিচালনা করছেন ম্যাথিউ ভন, যিনি ‘কিংসম্যান’ চলচ্চিত্র সিরিজ নির্মাণের জন্য পরিচিত। রোনালদো ও ভনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই সিরিজটি নির্মিত হচ্ছে।

গল্পের কেন্দ্রীয় চরিত্র প্রভাবশালী ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটন। চরিত্রটিতে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা ডেমিয়ান লুইস। বাস্তব জীবনের ফুটবল এজেন্ট ড্যারেন ডেইন-এর ধারণা থেকে সিরিজটির গল্প তৈরি হয়েছে। উল্লেখ্য, ডেইন দীর্ঘদিন ধরে থিয়েরি অঁরির প্রতিনিধিত্ব করে আসছেন।

নতুন এই যাত্রা নিয়ে রোনালদো বলেন, এটি আমার জীবনের একটি নতুন অধ্যায়। ফুটবলের বাইরে নতুন কিছু করার সুযোগ পেয়ে আমি দারুণ উচ্ছ্বসিত।