https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয় বাংলাদেশির মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। তাদের মধ্যে চারজন সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের এবং একজন বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা। অপর নিহত ব্যক্তি মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত প্রায় ৩টার দিকে ইস্টার্ন কেপের কুইন্সটাউন এলাকার একটি দোকানে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই ছয় বাংলাদেশির মৃত্যু হয়। পরে প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী জানান, নিহতরা সবাই পরস্পরের আত্মীয়। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তবে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। নিহতদের পরিবারের পক্ষ থেকেও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
একই তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।
এদিকে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ঘটনার পর হাইকমিশনার শাহ আহমেদ শফী কুইন্সটাউনের সমো টাউনের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন, নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নেওয়া এবং সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ ছাড়া স্থানীয় প্রশাসন ও দক্ষিণ আফ্রিকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ঘটনার সর্বশেষ পরিস্থিতি, তদন্তের অগ্রগতি এবং ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করবেন।