ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

হজের ব্যয় কমতে পারে অন্তত ৪০ হাজার টাকা : বিমান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   ২৪ বার পঠিত
হজের ব্যয় কমতে পারে অন্তত ৪০ হাজার টাকা : বিমান প্রতিমন্ত্রী

ছবি: -সংগৃহীত

২০২৭ সালের হজ ব্যবস্থাপনায় হাজযাত্রীদের ব্যয় আরও কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিমান ভাড়া এবং সৌদি আরবের অভ্যন্তরীণ বিভিন্ন চার্জ কমানো সম্ভব হলে একজন হাজযাত্রীর খরচ অন্তত ৪০ থেকে ৪২ হাজার টাকা কমতে পারে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘জাতীয় পর্যায়ে হজ ও ওমরা মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেলাটি চলবে ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ মেলার আয়োজন করেছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুনাফার হার কমিয়ে হজযাত্রীদের জন্য বিমান ভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সৌদি আরবের বিমানবন্দর কর ও অন্যান্য চার্জ বাবদ হাজযাত্রীপ্রতি প্রায় ১০ থেকে ১১ হাজার টাকা ব্যয় হয়। এসব চার্জ কমানোর বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

তিনি জানান, বিষয়টি নিয়ে আগামী সেপ্টেম্বর মাসে একটি কারিগরি দল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কাজ করবে। বিমান ভাড়ার প্রশাসনিক ব্যয় ও সৌদি আরবের বিভিন্ন চার্জ কমানো সম্ভব হলে শুধু বিমান পরিবহন খাত থেকেই হজযাত্রীর ব্যয় প্রায় ৪০ থেকে ৪২ হাজার টাকা কমানো সম্ভব হবে।

তবে হজ প্যাকেজের সামগ্রিক ব্যয় আরও কমাতে এজেন্সিগুলোকেও দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তার মতে, সৌদি আরবে হাজযাত্রীদের আবাসন বা ঘরভাড়ার ব্যয় কমানো গেলে প্যাকেজের মোট খরচ আরও কমবে। তবে আবাসন ব্যয় কমানোর ক্ষেত্রে হাজযাত্রীদের সেবার মান যেন কোনোভাবেই কমে না যায়, সেদিকে নজর রাখার আহ্বান জানান তিনি।

হজ এজেন্সিগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে সরকারের নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, হাব সদস্যদের প্রায় ৬২ কোটি টাকা বকেয়া পাওনা দ্রুত পরিশোধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। ছোট-বড় সব এজেন্সি যাতে সমানভাবে হজ ব্যবস্থাপনায় অংশ নেওয়ার সুযোগ পায়, সে বিষয়েও তদারকি জোরদার করা হবে।

হজ ক্যাম্পে হাজযাত্রীদের খাবারের ব্যয় কম রাখার বিষয়েও সরকারের উদ্যোগের কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাবারের মান বজায় রেখে দাম কমানো হয়েছে এবং ভবিষ্যতেও এ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।

এ ছাড়া নুসুক কার্ড ও ‘রোড টু মক্কা’ প্রকল্পের মাধ্যমে হাজযাত্রীদের যাতায়াত ও কার্ডসংক্রান্ত হয়রানি কমেছে বলেও উল্লেখ করেন তিনি।

দরিদ্র মানুষের জন্য হজ আরও সহজলভ্য করতে যাকাত তহবিল ব্যবহার কিংবা সরাসরি সরকারি ভর্তুকি দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও জানান এম রশিদুজ্জামান মিল্লাত। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জন্য হজের ব্যয় আরও সহনীয় পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ এবং ঢাকায় সৌদি আরবের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন খালেদ সাঈদ আল হাদাল।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930