https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনভর যানজট অব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
সরেজমিনে দেখা যায়, ঢাকামুখী লেনে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত এবং চট্টগ্রামমুখী লেনে ক্যান্টনমেন্ট থেকে আলেখারচর বিশ্বরোড পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। কিছু সময় চলাচল স্বাভাবিক হলেও আবার দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকছে।
জানা গেছে, টানা বৃষ্টিতে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় মহাসড়কের একটি অংশে গর্ত তৈরি হওয়ায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর মেরামতকাজ শুরু করে। এ কাজের কারণেই যানজটের সৃষ্টি হয়েছে।
দীর্ঘ সময় সড়কে আটকে থেকে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। এক যাত্রী মো. শোয়েব বলেন, কয়েক মিনিটের পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে। আরেক যাত্রী আফসার হোসেনের অভিযোগ, সংস্কারকাজ শুরুর আগে আগাম সতর্কতা দিলে অনেকেই বিকল্প পথ বেছে নিতে পারতেন।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানা ও হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
তবে সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, বৃষ্টির কারণে সড়কের কিছু স্থানে সৃষ্টি হওয়া গর্ত মেরামতের কাজ চলছে। এটি সীমিত পরিসরের সংস্কারকাজ, বড় ধরনের কোনো প্রকল্পের কাজ নয়।