https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
টালিউড অভিনেতা ও পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আবারও আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। এবার একটি সিনেমা নির্মাণের নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৮ লাখ ৫০ হাজার রুপি আত্মসাত ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হুগলির আরামবাগের বাসিন্দা শেখ শাহিদ ইমাম গত মঙ্গলবার কলকাতার চারু মার্কেট থানায় অভিযোগ করেন। তার দাবি, ২০২১ সালে একটি সিনেমায় বিনিয়োগের প্রস্তাব দিয়ে সোহম তার কাছ থেকে ৬৮ লাখ ৫০ হাজার রুপি নেন। পরে সিনেমাটি মুক্তি পেলেও তিনি কোনো লাভের অংশ বা বিনিয়োগের অর্থ ফেরত পাননি।
অভিযোগে আরও বলা হয়েছে, পাওনা টাকা চাইলে বারবার নানা অজুহাত দেওয়া হয়। এমনকি কলকাতার সাউথ সিটি মল-এর পার্কিং এলাকায় সোহমের এক সহযোগীর কাছে টাকা চাইতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযোগকারীর দাবি, ওই সহযোগী সোহমের রাজনৈতিক প্রভাবের কথাও উল্লেখ করে ভয়ভীতি দেখান।
শাহিদ ইমামের অভিযোগ, পরে তিনি সরাসরি সোহম চক্রবর্তীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেন। তবে সিনেমার স্যাটেলাইট স্বত্ব বিক্রি থেকে অর্থ আয় হলেও তাকে কোনো অর্থ পরিশোধ করা হয়নি।
এটি প্রথম নয়। চলতি বছরের জুনেও ১ কোটি ৫ লাখ রুপি প্রতারণার অভিযোগে আলোচনায় আসেন সোহম চক্রবর্তী। তখনও সিনেমা নির্মাণের নামে অর্থ নেওয়া, পরে কাজ না করা এবং টাকা ফেরত চাইলে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এরও আগে নিউ টাউনের একটি রেস্তোরাঁয় এক ব্যবসায়ীর সঙ্গে বচসা ও হাতাহাতির ঘটনাতেও সমালোচনায় পড়েছিলেন এই অভিনেতা।
এ ঘটনায় এখন পর্যন্ত সোহম চক্রবর্তীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।