https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি।
শনিবার (১ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সরকারের উন্নয়ন কার্যক্রম এবং দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্র জানায়, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগে শূন্য হওয়া রাষ্ট্রপতি পদে দলের সম্ভাব্য প্রার্থী নিয়ে দীর্ঘ আলোচনা হলেও শেষ পর্যন্ত প্রার্থী চূড়ান্তের ক্ষমতা সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত করেছে স্থায়ী কমিটি।
স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার এবং নির্ধারিত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে কে প্রার্থী হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, একক প্রার্থী হলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। তবে একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে।
বৈঠকে ক্ষমতাসীন দল হিসেবে সরকারের অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের সম্ভাব্য বাংলাদেশ সফর এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন স্থায়ী কমিটির সদস্যরা।
বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এজেড এম জাহিদ হোসেন ও সেলিমা রহমানসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রের মতে, নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীর নাম ঘোষণা করবে।