ঢাকা
০৯ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর কাছে ১০০ বিলিয়ন ডলার রপ্তানির রূপরেখা তুলে ধরলেন ব্যবসায়ীরা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
প্রধানমন্ত্রীর কাছে ১০০ বিলিয়ন ডলার রপ্তানির রূপরেখা তুলে ধরলেন ব্যবসায়ীরা

ছবি: -সংগৃহীত

দেশের রপ্তানি আয় ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার রূপরেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুলে ধরেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। একই সঙ্গে ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পায়ন ত্বরান্বিত করতে সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা ও আরও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে। বৈঠকে সরকারের অর্থনৈতিক উদ্যোগের প্রশংসা করে ব্যবসায়ীরা চলমান সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে সরকার ও ব্যবসায়ী—উভয় পক্ষই সচেতন। এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ব্যবসায়ী সমাজের সঙ্গে নিয়মিত সংলাপ অব্যাহত থাকবে।

তিনি জানান, চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত প্রথম বৈঠকে ব্যবসায়ীরা যেসব সমস্যা তুলে ধরেছিলেন, তার অনেকগুলোরই ইতোমধ্যে সমাধান হয়েছে। এবারের বৈঠকেও নতুন কিছু সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলোও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

সভায় জানানো হয়, আগের বৈঠকে উত্থাপিত ২৮টি সমস্যার মধ্যে ২১টির বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। বাকি সাতটি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসবে সরকার। এ ধরনের নিয়মিত সংলাপ অব্যাহত থাকলে আগামী চার থেকে পাঁচ বছরে দেশের অর্থনীতিতে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031