https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
২০২২ সাল থেকে অনিয়মিত পথে যুক্তরাজ্যে প্রবেশের অভিযোগে ১ হাজার ১০৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে নির্যাতন ও মানবপাচারের শিকার ব্যক্তি এবং অন্তত ৩০ জন বয়স নিয়ে বিরোধ থাকা শিশুও রয়েছেন।
তথ্য অধিকার আইনে পাওয়া যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করে ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের গবেষক ড. ভিক্টোরিয়া টেইলর এসব তথ্য জানিয়েছেন। ২০২২ সালের জুলাই থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত দণ্ডিতদের মধ্যে ৬২৮ জন ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছিলেন। তাদের ২৯৬ জনকে নৌকা চালাতে দেখা যায়।
তবে একই সময়ে ছোট নৌকা চালিয়ে চ্যানেল পারাপারে সহায়তার অভিযোগে পৃথক ‘ফ্যাসিলিটেশন’ অপরাধে মাত্র ১২ জন দোষী সাব্যস্ত হয়েছেন। বিশ্লেষকদের মতে, নৌকা চালানোর পাশাপাশি পুরো যাত্রা সংগঠনের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ করা কঠিন হওয়ায় অনেকের বিরুদ্ধে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে।
তদন্তে দেখা গেছে, অনেককে অভিজ্ঞতা, খরচ কমানোর বিনিময়ে কিংবা পালাক্রমে নৌকা চালাতে হয়েছে। কেউ কেউ আবার অস্ত্রের মুখে বাধ্য হয়েছেন। মানবপাচারের শিকার ব্যক্তিদেরও এ ধরনের মামলায় দণ্ডিত হওয়ার অভিযোগ রয়েছে।
এ ছাড়া বয়স নিয়ে বিরোধ থাকা অন্তত ৩০ শিশুকে অভিযুক্ত করা হয়, যাদের মধ্যে ১৯ জনকে প্রাপ্তবয়স্কদের কারাগারে রাখা হয়েছিল।
গবেষক ও মানবাধিকারকর্মীদের দাবি, আশ্রয়ের সন্ধানে অনিয়মিত পথে আসা মানুষদের অপরাধী হিসেবে বিবেচনা করা এবং কারাগারে পাঠানো মানবিক ও আইনি প্রশ্ন তৈরি করছে। তারা মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত এবং এ ধরনের মামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।