https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘গুপী গাইন বাঘা বাইন’-এর নির্মাণের নেপথ্যের গল্প এবার পর্দায় তুলে ধরবেন পরিচালক সৃজিত মুখার্জি। তার নতুন সিনেমার নাম ‘মহারাজা তোমারে সেলাম’।
সিনেমাটিতে অভিনয় করবেন জীতু কমল, ঋত্বিক ভৌমিক, রুদ্রনীল ঘোষ, শতাক্ষী নন্দী, সৈরিতি বন্দ্যোপাধ্যায় ও অরিজিৎ দত্ত।
সৃজিত জানিয়েছেন, ‘মহারাজা তোমারে সেলাম’ কোনো জীবনীচিত্র নয়। একইভাবে এটি শুধু ‘গুপী গাইন বাঘা বাইন’ তৈরির ইতিহাসও নয়। সিনেমাটিতে দেখানো হবে কীভাবে একটি দুঃসাহসী ভাবনা ধীরে ধীরে চলচ্চিত্রের রূপ নেয় এবং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে জায়গা করে নেয়।
পরিচালকের ভাষ্য, ‘গুপী গাইন বাঘা বাইন’ কীভাবে ভাবা হয়েছিল এবং কীভাবে সিনেমাটি নির্মিত হয়েছিল—সেই ঘটনাপ্রবাহই তুলে ধরতে চান তিনি।
রোববার দক্ষিণ কলকাতার প্রিয়া প্রেক্ষাগৃহে ‘মহারাজা তোমারে সেলাম’-এর প্রথম পোস্টার প্রকাশের কথা রয়েছে। একই অনুষ্ঠানে সিনেমাটির নির্মাণ ও মুক্তির বিষয়ে বিস্তারিত জানানো হবে।
১৯৬৯ সালের ৮ মে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’। তপেন চট্টোপাধ্যায়, রবি ঘোষ, সন্তোষ দত্তসহ একঝাঁক শিল্পীর অভিনয়ে নির্মিত সিনেমাটি বাংলা চলচ্চিত্রের অন্যতম কালজয়ী সৃষ্টি হিসেবে বিবেচিত।