সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না, নেতাকর্মীদের মির্জা ফখরুল
জেলা প্রতিনিধি
রবিবার, ০২ আগস্ট ২০২৬ ৪ বার পঠিত
ছবি: -সংগৃহীত
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ক্ষমতায় আসার প্রত্যাশায় যেন কেউ অহংকার বা দাপট না দেখায়। মানুষের ভালোবাসা অর্জন করেই রাজনীতি করতে হবে।
রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনে এক আলোচনা সভায় তিনি বলেন, সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না, কারও কাছ থেকে জোর করে কিছু নেবেন না। বিনয়ী হয়ে মানুষের পাশে দাঁড়ান।
ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ধর্ম মানুষের অত্যন্ত সংবেদনশীল বিষয়। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত না করে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে বলেন, মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে নির্বাচনে অংশ নিতে হবে। ভালো কাজ করলে মানুষই ভোট দিয়ে নির্বাচিত করবে।
স্বাস্থ্যসেবার উন্নয়নের আশ্বাস দিয়ে মির্জা ফখরুল জানান, ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতি বাড়ানোর পাশাপাশি একটি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে কিডনি রোগীদের চিকিৎসার জন্য রংপুরে যেতে না হয়।