https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বহু প্রতীক্ষিত ‘লালকারা’ সিনেমায় আমির খানের সঙ্গে অভিনয় করার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা-নির্মাতা ফারহান আখতার। তবে ছবিটির প্রযোজক হিসেবে তিনি থাকছেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফারহানের এই সিদ্ধান্তের পেছনে কোনো বিরোধ নয়, বরং সময়ের সংকট ও ব্যস্ত শিডিউলই মূল কারণ।
জানা গেছে, নির্মাতা নীরজ পাণ্ডের পরিচালনায় সংগীত কিংবদন্তি আরডি বর্মনের জীবনভিত্তিক একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য দীর্ঘ সময় ধরে বিশেষ প্রস্তুতি নিতে হচ্ছে ফারহানকে। একই সময়ে ‘লালকারা’ ছবির জন্যও প্রয়োজন ছিল কঠোর ক্রিকেট অনুশীলন এবং দীর্ঘ শুটিং সূচি। দুটি বড় প্রকল্পের সময়সূচি সমন্বয় করতে না পেরে শেষ পর্যন্ত অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
ফারহানের জায়গায় ইতোমধ্যে সিদ্ধান্ত গুপ্তকে চূড়ান্ত করেছেন নির্মাতারা। ‘জুবিলি’, ‘ইনসাইড এজ’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ ও ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’-খ্যাত এই অভিনেতাকে ছবিতে আমির খানের চরিত্রের ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকায় দেখা যাবে।
নির্মাতা আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘লালকারা’ ছবির গল্প আবর্তিত হয়েছে ১৯৫২ সালে ভারত-পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজকে কেন্দ্র করে। এতে স্বাধীন ভারতের প্রথম টেস্ট অধিনায়ক লালা অমরনাথের চরিত্রে অভিনয় করবেন আমির খান।
সবকিছু ঠিক থাকলে আগামী ১ অক্টোবর থেকে মুম্বাইয়ে শুরু হবে ছবিটির শুটিং।