https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ওটিটি প্ল্যাটফর্ম চরকি আগস্টজুড়ে দর্শকদের জন্য নিয়ে আসছে চারটি নতুন কনটেন্ট। এর মধ্যে রয়েছে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা এবং তিনটি অরিজিনাল প্রযোজনা।
৬ আগস্ট মুক্তি পাবে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। আহমেদ হাসান সানি পরিচালিত সিনেমাটি চলতি বছরের শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, কেয়া আল জান্নাহ ও তানভীর অপূর্ব।
১৩ আগস্ট আসছে চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’। মো. রিয়াজুল হক ইমরান পরিচালিত এই কনটেন্টে অভিনয় করেছেন আফজাল হোসেন ও আফসানা মিমি। গল্পে উঠে এসেছে একটি মিথ্যা, অসংখ্য চিঠি এবং এক দম্পতির ভালোবাসার গল্প।
২০ আগস্ট মুক্তি পাবে ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’। মাহমুদুর রহমান হিমি পরিচালিত এই কনটেন্টে অভিনয় করেছেন সাবিলা নূর, দিব্য জ্যোতি ও এরফান মৃধা শিবলু।
মাসের শেষ সপ্তাহে, ২৭ আগস্ট, দর্শকদের জন্য আসছে ‘পেইন্ট অন ড্রাই লিফ’। ফুয়াদুজ্জামান ফুয়াদ পরিচালিত এই কনটেন্টে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও কাজী নওশাবা আহমেদ। এতে ভালোবাসা, আশা ও প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার গল্প তুলে ধরা হয়েছে।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, আগস্টে দর্শকরা রাজনৈতিক, নাটকীয় ও হাস্যরসাত্মক—বিভিন্ন ঘরানার কনটেন্ট উপভোগ করতে পারবেন। সেপ্টেম্বরেও নতুন ঘরানার কনটেন্ট আনার পরিকল্পনা রয়েছে।