যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও সমঝোতা নিয়ে আলোচনা শুরুর দাবি করলেও তা সরাসরি নাকচ করেছে তেহরান। ইরান জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না।
সোমবার (৩ আগস্ট) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, বর্তমানে ওমানের সঙ্গে শুধু হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে। এতে কোনো তৃতীয় পক্ষ যুক্ত নেই।
এর আগে নিউ জার্সি সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন, সোমবার থেকেই ইরানের সঙ্গে আলোচনা শুরু হবে। তবে কোথায় বৈঠক হবে বা কারা এতে অংশ নেবেন, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত জানাননি।
গত শনিবার ট্রাম্প দাবি করেছিলেন, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ একটি সমঝোতার জন্য অতিরিক্ত সময় চেয়েছে। তার ভাষ্য, সম্ভাব্য ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকি নিরসনের বিষয়টি থাকবে।
তবে ইরান ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট কোনো আলোচনা বর্তমানে হচ্ছে না; পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করা হতে পারে।

মন্তব্য করুন