জাপান সফরে গিয়ে টোকিওর রাস্তায় একটি ডাস্টবিনও খুঁজে পাননি পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। তবে আরও বেশি অবাক হয়েছেন পুরো শহরে কোথাও আবর্জনা না দেখে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দিলজিৎ জানান, টোকিওর রাস্তায় ডাস্টবিন না থাকলেও কেউ যেখানে-সেখানে ময়লা ফেলেন না। বরং নিজের আবর্জনা সঙ্গে নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলেন। নাগরিকদের এই সচেতনতাই শহরের পরিচ্ছন্নতা ধরে রেখেছে বলে মন্তব্য করেন তিনি।

জাপান সফরে স্থানীয় খাবার উপভোগ, কেনাকাটা এবং ভক্তদের সঙ্গে সময় কাটানোর নানা মুহূর্তও সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন এই তারকা।

জানা গেছে, ইউরোপে ‘অওরা ওয়ার্ল্ড ট্যুর ২০২৬’ শুরু হওয়ার আগে অবসর কাটাতেই জাপান সফরে গেছেন দিলজিৎ। সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত ‘সতলুজ’ সিনেমা রাজনৈতিক বিতর্কের মুখে পড়লেও, আপাতত সেই আলোচনা পেছনে ফেলে ভ্রমণ উপভোগ করছেন তিনি।