https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
মার্ভেলের নতুন ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বজুড়ে ৯২৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করে বক্স অফিসে ইতিহাস গড়েছে। এটি সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড। শীর্ষে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যার উদ্বোধনী আয় ছিল ১.২ বিলিয়ন ডলারের বেশি।
টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত ছবিটি উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহে আয় করেছে ৩৩৫ মিলিয়ন ডলার, যা ওই অঞ্চলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়।
প্রায় ২২৫ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই বাজেটের কয়েক গুণ বেশি আয় করেছে। যুক্তরাষ্ট্রের বাইরে ৭৩ হাজারের বেশি প্রেক্ষাগৃহ থেকে এসেছে ৫৭২ মিলিয়ন ডলার। এর মধ্যে চীন থেকে ১২১ মিলিয়ন এবং যুক্তরাজ্য থেকে ৪৯ মিলিয়ন ডলার আয় হয়েছে।
সাম্প্রতিক সময়ে মার্ভেলের কয়েকটি ছবি প্রত্যাশিত সাফল্য না পেলেও ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর এই দুর্দান্ত বক্স অফিস সাফল্য স্টুডিওর জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তির আগে এটি মার্ভেলকে নতুন আত্মবিশ্বাস দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।