https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
অবসর বা ক্লাব পরিবর্তন—ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার। সান্তোসের সঙ্গে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি শেষ হওয়ার পরই ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি।
সাও পাওলোতে নেইমার জুনিয়র ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, তিনি এখনো অবসরের কথা ভাবছেন না। তবে আর কত দিন খেলতে পারবেন, সেটিও নিশ্চিত নন। আপাতত সান্তোসের হয়ে চুক্তির মেয়াদ শেষ করাই তার লক্ষ্য।
নেইমার বলেন, বর্তমানে তিনি শারীরিকভাবে ভালো আছেন এবং এক ম্যাচ করে এগোতে চান। কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে রেমোর বিপক্ষে ম্যাচে খেলার জন্যও নিজেকে শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত দিলেও নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়র বলেছেন, সেটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং বিশ্বকাপ-পরবর্তী সময়ের অনুভূতির প্রকাশ। তার মতে, পরবর্তী বিশ্বকাপের এখনও চার বছর বাকি থাকায় এখনই অবসর নিয়ে নিশ্চিত কিছু বলার সময় আসেনি।