বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে থাকা সীমান্তকে দুর্ভেদ্য’করতে স্মার্ট নিরাপত্তা গ্রিড বা স্মার্ট ওয়াল নির্মাণের ঘোষণা দিয়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সীমান্তরক্ষী বাহিনী প্রতিষ্ঠার ৬০তম বছরে এই প্রকল্প চালু করা হবে।
শুক্রবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সীমান্তরক্ষী বাহিনী আয়োজিত রুস্তমজি স্মারক বক্তৃতায় তিনি বলেন, “আমরা পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তকে সম্পূর্ণ দুর্ভেদ্য করে তুলব।”
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, এই প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, রাডার, স্মার্ট ক্যামেরা, তাপ শনাক্তকারী ক্যামেরা ও বিভিন্ন ধরনের সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হবে। পুরো সীমান্তজুড়ে ২৪ ঘণ্টা নজরদারি চালানোর জন্য একটি সমন্বিত প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলাই এর লক্ষ্য।
ভারত এর আগেও পাকিস্তান সীমান্তের কিছু অংশে এ ধরনের প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত এবং ইউরোপের কয়েকটি দেশেও অনুপ্রবেশ ঠেকাতে একই ধরনের প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।
অমিত শাহ বলেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন রোধ করাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম-এর মুখ্যমন্ত্রীদের সঙ্গে খুব শিগগির সীমান্ত নিরাপত্তা নিয়ে বৈঠক করবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে পশ্চিমবঙ্গের নতুন সরকার বাংলাদেশ সীমান্তবর্তী ২৭ কিলোমিটার খাস জমি সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করার পর সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
খবরে বলা হয়, শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া এলাকায় শুক্রবার থেকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে সীমান্তে নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্ত প্রায় ৪ হাজার কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গ অংশেই রয়েছে প্রায় ২২০০ কিলোমিটার। এখনো প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই।

মন্তব্য করুন