https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তার পরিচয়ে ভিসা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার ঘটনা সামনে আসায় এ সতর্কতা দেওয়া হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় হাইকমিশন জানায়, প্রতারকরা ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে টাকার বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে।
হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না এবং কোনো ধরনের অর্থও দাবি করেন না। ভারতীয় ভিসার সব আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়।
সন্দেহজনক ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন। পাশাপাশি ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের কপি, ব্যাংক হিসাবের তথ্য বা অন্য কোনো আর্থিক তথ্য অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
বার্তায় আরও বলা হয়, কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা এমন কোনো প্রচেষ্টার মুখোমুখি হন, তাহলে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণ visa.dhaka@mea.gov.in ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকার এবং অন্যদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।