https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
প্রায় দুই দশক পর জনপ্রিয় রোম্যান্টিক-অ্যাকশন চলচ্চিত্র ‘আওয়ারাপান’–এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইমরান হাশমি। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ‘আওয়ারাপান টু’–এর বহুল প্রতীক্ষিত ট্রেলার, যেখানে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এক ভিন্ন রূপে ধরা দিয়েছেন অভিনেতা।
এক মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই দেখা যায় অন্ধকার, বৃষ্টিভেজা এক রাতে দড়িতে ঝুলন্ত, রক্তাক্ত ও আহত ইমরান হাশমিকে। এরপর রহস্যময় এক চরিত্রে হাজির হন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। তিনি ইমরানের চরিত্রকে উদ্দেশ করে বলেন, “মৃত্যুর সঙ্গে দেখা করার শখ আছে?” জবাবে ইমরানের সংলাপ, “মৃত্যুর সঙ্গে আমার পুরোনো সম্পর্ক। একটি ঋণ এখনো শোধ করা বাকি।”
এরপরই প্রথম চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘তেরা মেরা রিশতা’–এর আবহে শুরু হয় টানটান অ্যাকশন। ট্রেলারে শিবাম পণ্ডিত চরিত্রকে প্রতিশোধের নেশায় অতীতের স্মৃতি তাড়া করে বেড়াতে দেখা যায়। কখনো প্রবল বৃষ্টির মধ্যে লড়াই, কখনো দ্রুতগতির ধাওয়া, আবার কখনো কারাগারের ভেতরে ভয়ংকর সংঘর্ষ—সব মিলিয়ে অ্যাকশনধর্মী এক নতুন উপস্থাপনা দেখা গেছে।
তবে অ্যাকশনের পাশাপাশি প্রথম সিনেমার আবেগও ধরে রাখা হয়েছে। শিবাম এখনও তার হারিয়ে যাওয়া ভালোবাসার স্মৃতি বয়ে বেড়ান, যা ট্রেলারের আবেগঘন মুহূর্তগুলোকে আরও গভীর করেছে।
ট্রেলার প্রকাশের পর সামাজিক মাধ্যমে দর্শকদের ব্যাপক সাড়া মিলেছে। অনেকেই লিখেছেন, ‘আওয়ারাপান’ শুধু একটি সিনেমা নয়, এটি নস্টালজিয়া ও আবেগের নাম। কেউ কেউ মন্তব্য করেছেন, এটি যেন “এক নতুন ইমরান হাশমির প্রত্যাবর্তন”।
ট্রেলারে সংক্ষিপ্ত উপস্থিতি রয়েছে দিশা পাটানি, সুবিন্দর ভিকি এবং পুরন গাব্বি–র। তবে তাদের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানানো হয়নি।
নিতিন কক্কর পরিচালিত এবং বিশেষ ভাট প্রযোজিত ‘আওয়ারাপান টু’ আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তির পর বক্স অফিসে ছবিটির প্রধান প্রতিদ্বন্দ্বী হবে বর্ডার ১৯৪৭।