https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে করা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম।
শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নিয়ে সঙ্গীতা মামলাটি প্রত্যাহারের আবেদন জানান। এরপর আদালত মামলাটি আনুষ্ঠানিকভাবে বাতিল করে দেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে চেঙ্গালপট্টুর পারিবারিক আদালতে বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে তিনি দাম্পত্য জীবনে মতপার্থক্যের কথা উল্লেখ করেছিলেন। পাশাপাশি ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ের বাড়িতে থাকার অনুমতিও চেয়েছিলেন।
মামলার শুনানি কয়েক দফা পিছিয়ে যায়। গত ১৫ জুন সঙ্গীতা আবেদন প্রত্যাহারের ইচ্ছার কথা আদালতকে জানান। পরে ৭ আগস্টের শুনানিতে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হয়ে আবেদন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
বিজয় ও সঙ্গীতার দাম্পত্য সম্পর্ক প্রায় তিন দশকের পুরোনো। ১৯৯৯ সালের ২৫ আগস্ট তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির দুই সন্তান রয়েছে—এক ছেলে ও এক মেয়ে।
২০২৩ সাল থেকে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে সঙ্গীতার অনুপস্থিতি ঘিরে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। তবে সে সময় এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা।