অনুমতি ছাড়া নিজের নাম, ছবি, কণ্ঠস্বর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি কনটেন্টের অপব্যবহার ঠেকাতে আইনি সুরক্ষা পেলেন বলিউড অভিনেত্রী টাবু। তার ব্যক্তিত্ব ও প্রচারস্বত্ব রক্ষায় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন দিল্লি হাইকোর্ট।
বিচারপতি জ্যোতি সিংয়ের একক বেঞ্চের দেওয়া এই নির্দেশে গুগল, মেটা, এক্স ও রেডিটের মতো ডিজিটাল প্ল্যাটফর্মকে টাবুর নাম ও ছবি ব্যবহার করে তৈরি ১৫০টির বেশি অননুমোদিত ও বিভ্রান্তিকর লিংক দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, টাবুর প্রকৃত নাম তাবাসসুম ফাতিমা হাশমি, মঞ্চনাম ‘টাবু’, স্থিরচিত্র, সিনেমার দৃশ্য, কণ্ঠস্বর ও স্বাক্ষর অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না। একইভাবে এআই বা ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি তার বিকৃত ছবি, ভিডিও বা অন্য কোনো কনটেন্টও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এ ছাড়া টাবুর নাম বা ছবি ব্যবহার করে তার অনুমতি ছাড়া বিভিন্ন পণ্য ও মার্চেন্ডাইজ বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।
সম্প্রতি ইন্টারনেটে টাবুর বিভিন্ন সিনেমার দৃশ্য ও সাক্ষাৎকার এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে অশালীন ও বিকৃত কনটেন্ট তৈরির অভিযোগ ওঠে। তার নামে ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতির জন্য ভুয়া বুকিং এবং তার নামে মিথ্যা বক্তব্য প্রচারের ঘটনাও সামনে আসে।
এসব কর্মকাণ্ড তার দীর্ঘদিনের অর্জিত ভাবমূর্তি ও ব্যক্তিগত মর্যাদার ক্ষতি করছে উল্লেখ করে আদালতের দ্বারস্থ হন অভিনেত্রী। আবেদনের পরিপ্রেক্ষিতেই তার নাম, পরিচয়, ছবি ও কণ্ঠস্বরের অননুমোদিত ব্যবহার ঠেকাতে এই নির্দেশ দেওয়া হলো।

মন্তব্য করুন