https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
১৯৯৯ সালে মুক্তির পর হিন্দি সিনেমার অন্যতম কালজয়ী চলচ্চিত্রে পরিণত হয় ‘তাল’। সিনেমাটিতে ঐশ্বরিয়া রাই বচ্চনের অভিনয় ও গ্ল্যামার দর্শকদের মুগ্ধ করেছিল। তবে এই ছবিতে তাকে নেওয়ার আগে একটি বিশেষ শর্ত দিয়েছিলেন নির্মাতা সুভাষ ঘাই।
সিনেমাটির ২৭ বছর পূর্তিতে কাস্টিংয়ের স্মৃতিচারণ করতে গিয়ে বিষয়টি প্রকাশ্যে আনেন পরিচালক। ‘তাল’-এর কঠিন নাচের দৃশ্যের জন্য উপযুক্ত অভিনেত্রী খুঁজছিলেন তিনি। এ সময় নৃত্যপরিচালক সরোজ খানের পরামর্শে ঐশ্বরিয়ার সঙ্গে যোগাযোগ করেন সুভাষ ঘাই।
তবে ঐশ্বরিয়ার তৎকালীন গ্ল্যামারাস ভাবমূর্তি নিয়ে নির্মাতার ভিন্ন পরিকল্পনা ছিল। তিনি অভিনেত্রীকে স্পষ্ট জানিয়ে দেন, চরিত্রের প্রয়োজনে তাকে নিজের প্রতিষ্ঠিত ইমেজ থেকে বেরিয়ে আসতে হবে।
সুভাষ ঘাইয়ের ভাষায়, ‘আমাকে তোমার এই ইমেজ পুরোপুরি নষ্ট করে দিতে হবে।’ একই সঙ্গে তিনি শর্ত দেন, সিনেমার প্রথম এক ঘণ্টা ঐশ্বরিয়াকে কোনো মেকআপ ছাড়াই পর্দায় হাজির হতে হবে।
গল্পের প্রয়োজনে নির্মাতা যেভাবে চাইবেন, সেভাবেই কাজ করতে রাজি ছিলেন ঐশ্বরিয়া। ফলে শর্ত মেনে ‘তাল’-এ অভিনয় করেন তিনি। সিনেমাটিতে তার সঙ্গে ছিলেন অনিল কাপুর ও অক্ষয় খান্না।
মুক্তির পর ভারত ও আন্তর্জাতিক বাজারে বাণিজ্যিক সাফল্য পায় ‘তাল’। বিশেষ করে এর সংগীত, অভিনয় ও নান্দনিক নির্মাণ সিনেমাটিকে নব্বইয়ের দশকের শেষভাগের অন্যতম আলোচিত মিউজিক্যাল চলচ্চিত্রে পরিণত করে।