https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ ও গণনা শেষে তার নির্বাচিত হওয়ার বিষয়টি ঘোষণা করা হয়।
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট। আর অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ব্যালট গণনা করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটে পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোট দেওয়ার সময় প্রত্যেক সংসদ সদস্য ব্যালটে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করেন।
সংসদ সদস্যদের মধ্যে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ভোট দেন। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে মির্জা ফখরুলকে প্রার্থী করে বিএনপি। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট অলি আহমদকে প্রার্থী করে।
রাষ্ট্রপতি নির্বাচনের এই ফলাফলের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন। আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় তার শপথ গ্রহণের কথা রয়েছে। শপথের পর আনুষ্ঠানিকভাবে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।