https://timenewsbangla.com

ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত প্রশ্নের মুখে পড়ে কড়া জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। বিয়ে ও মাতৃত্ব নিয়ে মানুষের কৌতূহল প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।
সাক্ষাৎকারে নীনা গুপ্তাকে জিজ্ঞাসা করা হয়, চারপাশের মানুষ যখন তার বিয়ে বা ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করেন, তখন কীভাবে তা সামলান। জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি তো আর তোমার বাবার টাকায় চলি না। তোমার ওপর নির্ভরশীলও নই। তোমার সমস্যাটা কী? তুমি কি বিয়ে করেছ নাকি করোনি?—বিষয়গুলোকে আমি এভাবেই সামলাই।’
কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। রাশমিকা মান্দানার বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি ও ভিডিও প্রকাশের পর এই জল্পনা তৈরি হয়। নেটিজেনদের একাংশ দাবি করেন, ষাটোর্ধ্ব বয়সে মা হতে চলেছেন অভিনেত্রী।
তবে সেই গুঞ্জনকে ভিত্তিহীন বলে জানান নীনা। তার ভাষ্য, শাড়ির ভাঁজ ঠিক করার সময় কোমরের কাছে কিছুটা ফোলা দেখা যাওয়ায় এমন ভুল ধারণা তৈরি হয়েছিল। শরীর নিয়ে কটাক্ষের জবাবে রসিকতার আশ্রয় নেওয়ার পরামর্শও দেন তিনি।
প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে নীনা গুপ্তা ‘বাধাই হো’, ‘বধ টু’ ও ‘মেট্রো… ইন দিনো’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী।