নির্মাতা হিসেবে ২৫ বছর পূর্ণ করেছেন চয়নিকা চৌধুরী। তার দীর্ঘ এই পথচলায় শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সেখানে নির্মাতাকে ‘আপুনি’ সম্বোধন করে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

চয়নিকা চৌধুরীর পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমায় কাজের সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। সেই স্মৃতি তুলে ধরে বুবলী ফেসবুকে চয়নিকার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন।

বুবলী লেখেন, কিছু মানুষ শুধু চলচ্চিত্র বা টেলিভিশনের পর্দায় গল্প বলেন না, গল্পের মাধ্যমে সময়কেও ধরে রাখেন। চয়নিকার ২৫ বছরের পথচলাকে গল্প বলা, গল্প নির্মাণ এবং স্বপ্নকে পর্দায় জীবন্ত করে তোলার অসাধারণ যাত্রা হিসেবে উল্লেখ করেন তিনি।

নারী নির্মাতা হিসেবে চয়নিকা চৌধুরীর দীর্ঘ ক্যারিয়ারকে অনুপ্রেরণার বলে উল্লেখ করে বুবলী বলেন, তার সঙ্গে সিনেমায় কাজ করার স্মৃতি হৃদয়ের খুব কাছের। শুটিংয়ের প্রথম দিন থেকেই চয়নিকার আন্তরিকতা, মমতা ও আপন করে নেওয়ার উষ্ণতা পেয়েছেন বলেও জানান তিনি।

‘প্রহেলিকা’ সিনেমায় অর্পা চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরে বুবলী বলেন, চয়নিকার নির্দেশনায় কাজ করতে গিয়ে শুধু একজন নির্মাতাকে নয়, একজন সংবেদনশীল, যত্নশীল ও সৃষ্টিশীল মানুষকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। সিনেমাটির অংশ হতে পারাটিও তার জন্য বিশেষ অভিজ্ঞতা বলে উল্লেখ করেন অভিনেত্রী।

পোস্টের শেষে চয়নিকা চৌধুরীকে ২৫ বছর পূর্তির শুভেচ্ছা জানিয়ে বুবলী লেখেন, ‘শুভ ২৫ বছর আপুনি।’

২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের শুটিংয়ের মাধ্যমে ক্যামেরার পেছনে যাত্রা শুরু করেন চয়নিকা চৌধুরী। ২৫ বছরের ক্যারিয়ারে তিনি চার শতাধিক একক ও ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। তার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। পরে নির্মাণ করেন ‘প্রহেলিকা’। চলচ্চিত্রে কাজ করলেও টেলিভিশন নাটকের নির্মাণ থেকেও দূরে সরে যাননি চয়নিকা।