কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি আটক তুহিনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তুহিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে কুমিল্লা কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মফিজ উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে আইফোনটি উদ্ধার করা হয়।

অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর শনিবার দুপুরে সানন্দা এলাকার একটি পাহাড়ি স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তুহিন, আনাস ও ফাহিমকে আটক করা হয়েছে। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। শনিবার বিকেলে তুহিনকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে আনাস ও ফাহিমকে আটক করা হয়।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল অপ্রতিম। এরপর আর ফেরেনি। পরে তার বাবা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ছেলে বন্ধুদের সঙ্গে আইফোন দিয়ে ছবি তুলতে বাইরে যেতে চেয়েছিল। তিনি আশঙ্কা প্রকাশ করেন, আইফোনটিই হয়তো তার মৃত্যুর কারণ হয়ে থাকতে পারে।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে সানন্দা পাহাড়ের দিকে যেতে দেখা যায়। স্থানীয়দের সহায়তায় ওই যুবককে তুহিন হিসেবে শনাক্ত করা হয়।

এ ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে।