বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত জঘন্য অপরাধের ঘটনাগুলো দ্রুত তদন্ত, আসামি গ্রেপ্তার ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব অপরাধের তদন্ত দ্রুত শেষ করা সম্ভব হয়েছে, সেগুলোর ক্ষেত্রে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কিছু ঘটনা তদন্তসাপেক্ষ হওয়ায় সেগুলোতে অগ্রগতি পেতে সময় লাগছে।

সম্প্রতি কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ১২ ঘণ্টার মধ্যে চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে অভিযুক্তদের কিশোর অপরাধ চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শিশু নিখোঁজের পরিসংখ্যান প্রসঙ্গে মন্ত্রী বলেন, আইন ও সালিশ কেন্দ্রের তথ্য সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। তাঁর দাবি, সামাজিক অবক্ষয় এবং মাদক, জুয়া ও পর্নোগ্রাফির মতো বিভিন্ন অনুষঙ্গ অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। পরিস্থিতি মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানান এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অন্যদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান।

বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার রয়েছে। সম্প্রতি চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করেছে।

এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি এবং অতীতে দেশীয় গ্যাস অনুসন্ধানে ঘাটতিকে কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, ২০৩০-৩১ সালের মধ্যে ১৫০টি নতুন গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে। তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলেও জানান তিনি।

তেজগাঁওয়ে একটি মসজিদে গোপন বৈঠকের অভিযোগে ২৩ জনকে আটকের বিষয়ে মন্ত্রী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার পর ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিষয়ে উগ্রবাদী সংগঠন গঠনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বলে তিনি জানান। তাদের বিরুদ্ধে মামলা করে রিমান্ডে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।