কুমিল্লায় স্কুলছাত্র ইশতিয়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং দুজন অপ্রাপ্তবয়স্ক। এ ছাড়া মো. সিয়াম (১৯) নামে আরও এক তরুণের সম্পৃক্ততার বিষয়টি যাচাই করছে পুলিশ।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, নিহতের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের করা হত্যা মামলায় গত রাতে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে সাইফুল ইসলাম তুহিনকে (১৯) শনাক্ত ও আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করে। পরে ফাহাদ ও কামরুলও তাকে লাঠি দিয়ে আঘাত করে। অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা তার আইফোন নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

পুলিশ সুপার আরও জানান, অভিযুক্তদের কেউ অপ্রতিমের সহপাঠী নয়। তাদের মধ্যে কেউ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়েছে, আবার কেউ অনিয়মিত শিক্ষার্থী। অপ্রতিমের সঙ্গে তাদের অসম বয়সী বন্ধুত্ব ছিল।

অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

পরিবার জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি। সন্ধান না পেয়ে ওই দিনই তার বাবা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন।

পরদিন শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় অপ্রতিমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পুলিশ জানায়, শুক্রবার রাতভর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপ্রতিমকে এক যুবকের সঙ্গে সানন্দা পাহাড়ের দিকে যেতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় ওই যুবককে তুহিন হিসেবে শনাক্ত করা হয়। শনিবার রাতে তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি উদ্ধার করে জেলা পুলিশ।