সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর সিআইডির ফরেনসিক টিমকে ডাকা হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরিয়মের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তথ্য জানতে সংসদ সদস্য নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার জানান, ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া যায়।
গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সম্প্রতি এক তরুণীর সঙ্গে তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।
এর পরিপ্রেক্ষিতে গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেওয়া হয়।

মন্তব্য করুন