নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের স্পষ্ট বক্তব্যের কারণে আলোচনায় থাকেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য নিয়ে ট্রল ও সমালোচনা করা ব্যক্তিদের উদ্দেশে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে নিজের ব্যবহৃত একটি ঘড়ির আসল দামও জানিয়েছেন এই অভিনেতা।

এক সাক্ষাৎকারে ওমর সানী বলেন, তার বক্তব্যের মূল উদ্দেশ্য না বুঝে কিংবা কথার অংশবিশেষ নিয়ে অনেকে ট্রল করেন। এতে বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃতভাবে উপস্থাপিত হয়। ভাইরাল হওয়ার জন্য যারা এমনটি করেন, তাদেরও সমালোচনা করেন তিনি।

এ সময় নিজের হাতের ঘড়ির প্রসঙ্গ তুলে ওমর সানী বলেন, বাংলাদেশে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘড়ির ছবি বা ভিডিও দিয়ে সেটির দাম প্রায় ২৯ লাখ টাকা বলে প্রচার করেন। তার হাতেও একটি ঘড়ি দেখে অনেকে সেটিকে অত্যন্ত দামি মনে করতে পারেন। তবে ঘড়িটির প্রকৃত দাম মাত্র ১১০০ টাকা বলে জানান তিনি।

ওমর সানী আরও বলেন, নিজের সামর্থ্য বা সম্পদ নিয়ে কখনও অহংকার করেন না। তার ভাষায়, কোনো কিছু নিয়ে তিনি ‘আলগা বাহাদুরি’ করেননি। এমনকি মার্সিডিজ গাড়ি থাকার বিষয়টিও তিনি প্রচার করে বেড়ান না।

দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন ওমর সানী। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় তিনি। সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার মন্তব্য প্রায়ই ভক্ত-অনুরাগীদের মধ্যে আলোচনার জন্ম দেয়।